শেখ হাসিনাকে ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট বললেন রুহুল কবির রিজভী প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬ রাজধানীর গুলশানে জুলাই গণ-অভ্যুত্থান ও গত ১৭ বছরের আন্দোলনের চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট। তিনি বলেন, পৃথিবীর নিষ্ঠুর ফ্যাসিস্ট ও নাৎসিরা জোর করে ক্ষমতায় টিকে থাকলেও তাদের সঙ্গে শেখ হাসিনার মৌলিক পার্থক্য রয়েছে। রিজভী আরও বলেন, হিটলার বা মুসোলিনির মতো ফ্যাসিস্টরা জাতিগত নিপীড়নের মাধ্যমে লাখ লাখ মানুষকে হত্যা করলেও তারা নিজেদের জাতিকে শক্তিশালী করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেখ হাসিনার মতো তারা টাকা পাচার, ব্যাংকের অর্থ লুট, শেয়ারবাজার লুণ্ঠন কিংবা সরকারি জমি দখলের মতো কাজে লিপ্ত হননি। তার মতে, হিটলার বা মুসোলিনি ভয়ংকর খুনি হলেও তাদের নিজ দেশের প্রতি ভালোবাসা ছিল, অন্যদিকে শেখ হাসিনার মূল এজেন্ডা ছিল জাতিকে লুণ্ঠন করে নিজের আত্মীয়স্বজনকে বিদেশে সুপ্রতিষ্ঠিত করা। বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক ঘটনাপ্রবাহের এক বিশেষ চোরাপথে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসে তারা ক্ষমতা চিরস্থায়ী করতে জনগণের রক্ত ঝরাতে দ্বিধা করেনি। জুলাই গণ-অভ্যুত্থানকে জনগণের সুপ্ত শক্তির পারমাণবিক বিস্ফোরণ হিসেবে বর্ণনা করে রিজভী বলেন, জনগণের এই শক্তি শেখ হাসিনা উপলব্ধি করতে পারেননি। তিনি বলেন, শেখ হাসিনা বারবার ভুয়া ও পাতানো নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন এবং বিশ্বের দু-একটি দেশ ছাড়া কেউই সেই সরকারকে সমর্থন করেনি। তবুও তারা জোর করে ক্ষমতায় টিকে ছিল। SHARES রাজনীতি বিষয়: জুলাই গণ-অভ্যুত্থানফ্যাসিবাদবিএনপিরুহুল কবির রিজভীশেখ হাসিনা