অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ইনিংস ও ৩৮ রানে হারল বাংলাদেশ

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। ডারউইনে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের মতো তৃতীয় সারির দলের কাছে মাত্র সোয়া দুই দিনে ইনিংস ও ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সফরকারীরা।

প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির ওপর ভর করে ২৬৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে অনভিজ্ঞ অস্ট্রেলিয়া একাদশ নিজেদের প্রথম ইনিংসে ৩৫৫ রান সংগ্রহ করে। ফলে ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ১৯ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা বিপদের আভাস পাচ্ছিল সফরকারীরা।

তবে তৃতীয় দিনে এসে সেই অস্বস্তি রূপ নেয় চরম আতঙ্কে। ডারউইনের উইকেটে অস্ট্রেলিয়ার বোলার ক্যাম্পবেল থমসনের তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। একাই ৮ উইকেট নিয়ে ধস নামান থমসন। মাত্র ১১ ওভার বল করে ৮.২৫ স্ট্রাইক রেটে তিনি এই কীর্তি গড়েন। বাকি ২ উইকেট নেন কোরি রোকিচ্চিওলি।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের রান সংখ্যা ছিল অনেকটা টেলিফোন ডিজিটের মতো। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন তানজিদ হাসান তামিম, যিনি এই স্কোয়াডের অন্যতম অনভিজ্ঞ ক্রিকেটার। বাকিদের রান ছিল যথাক্রমে ৬, ৬, ৫, ২, ৪, ০, ৬, ২, ০ ও ০। শেষ পর্যন্ত মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস হারের লজ্জা পায় বাংলাদেশ।

বাংলাদেশ দলের এমন ব্যাটিং বিপর্যয় অবশ্য নতুন কিছু নয়। কিছুদিন আগেই জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরেছিল তারা, যেখানে দুই ইনিংসেই ২০০ রানের নিচে অলআউট হয়েছিল দল। এবার অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাস ও জশ ফিলিপ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে অপরিচিত মুখদের নিয়ে গড়া তৃতীয় সারির দলের কাছেও একই পরিণতি হলো। সম্প্রতি ট্র্যাভিস হেড বলেছিলেন, আগামী সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে তাদের খুব ভালো খেলতে হবে। কিন্তু শান্তদের বর্তমান পারফরম্যান্স সেই লড়াইয়ের আগে বড় এক প্রশ্নচিহ্ন এঁকে দিল।