নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে প্রস্তুত সাকিব আল হাসান প্রকাশিত: 7:01 PM, August 7, 2026 নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সরকার তার নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দুই বছরের প্রবাসজীবন শেষ করে দেশে ফিরতে চান। তিনি তার বিরুদ্ধে থাকা হত্যা মামলাসহ সব আইনি অভিযোগের মুখোমুখি হতে প্রস্তুত। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ৩৯ বছর বয়সী সাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেওয়া এই ক্রিকেটার আশা করছেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও তিনি দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। তিনি জানান, নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী এবং তিনি কোনো অপরাধ করেননি বলে মনে করেন। সাকিব জানান, তিনি দ্রুত দেশে ফিরতে চান। যদি তা সম্ভব না হয়, তবে শেখ হাসিনার সঙ্গে ফেরার বিষয়টিও বিবেচনা করবেন। এছাড়া দেশে ফেরার বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করতে আগ্রহী বলে জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তিনি আরও জানান, আগের অন্তর্বর্তী সরকারের সময় আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তার দাবি, তার বিরুদ্ধে করা মামলাগুলো ভিত্তিহীন এবং সেগুলো প্রত্যাহারের আবেদন জানালেও কোনো সাড়া পাননি। ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সাকিব বলেন, তিনি এখনো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো খেলছেন এবং তা উপভোগ করছেন। তবে বয়সের কারণে অবসরের সিদ্ধান্ত খুব বেশি পিছিয়ে দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, ২০২৪ সালের শেষ দিকে তিনি একবার দেশে ফেরার জন্য বিমানে উঠেছিলেন। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পাওয়ার পরই তিনি যাত্রা শুরু করেছিলেন এবং বিমানবন্দরের লাউঞ্জ থেকে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগও করেছিলেন। তবে যাত্রাপথে তাকে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে দুবাইয়ে নেমে তিনি আবার নিউ ইয়র্কে ফিরে যান। দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়া প্রসঙ্গে সাকিব জানান, তিনি সেখানে শুধু শান্তি ও বাংলাদেশের অগ্রগতির কথা বলেছেন এবং এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই। SHARES খেলাধুলা বিষয়: আইনি লড়াইক্রিকেটনিরাপত্তাবাংলাদেশ-ক্রিকেটসাকিব আল হাসান