ফ্যাসিস্ট হাসিনার বিলম্ব মওকুফ চেয়ে বিচার ফেইসের সুযোগ নেই

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড সাজা হওয়া মামলায় তামাদি মওকুফ চেয়ে বিচার ফেইস করার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রসিকিউটর তামীম বলেন, সাধারণত পলাতক থাকা দণ্ডপ্রাপ্তরা ফিরে এসে দাবি করেন যে তারা মামলার কার্যক্রম সম্পর্কে অবগত ছিলেন না এবং অগোচরে বিচার হওয়ার কারণে বিলম্ব মওকুফ চেয়ে বিচারের সুযোগ চান। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে এই সুযোগ পাওয়ার কোনো অবকাশ নেই। কারণ, তিনি এবং মামলার অন্য আসামিরা এই মামলা সম্পর্কে জানেন এবং বিদেশে বসে নিয়মিত বক্তব্য দিচ্ছেন। তারা মিডিয়ার মাধ্যমে মামলাটিকে ডিফেন্ড করছেন, ফলে ট্রাইব্যুনালে এসে নতুন করে বিলম্ব মওকুফ চাওয়ার সুযোগ তাদের নেই।

উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই রায়ে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও ভুক্তভোগী পরিবারের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়। এ মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায়ের এক মাসের মধ্যে আপিল করার আইনি বিধান থাকলেও, আসামিদের সশরীরে আত্মসমর্পণ করে আপিল করতে হবে।