প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার: মাহদী আমিন প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬ দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী ইশতেহারকে মূল ভিত্তি ধরে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি সরকার কাজ করে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহদী আমিন বলেন, গত ছয় মাসে সরকারের প্রতিটি কার্যক্রমে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে, যা বর্তমান সরকারের সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়। তিনি আরও উল্লেখ করেন, গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন রয়েছে। প্রধানমন্ত্রী দেশজুড়ে বিভিন্ন গণসম্পৃক্ত কর্মসূচিতে যেখানেই গিয়েছেন, সেখানেই সাধারণ মানুষের ঢল নেমেছে। জনগণের এই আস্থা ও বিশ্বাসকে ধারণ করেই সরকার তার দায়িত্ব ও দায়বদ্ধতা পালন করে এগিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মাহদী আমিন জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের দাম বাড়লেও সরকার দীর্ঘ সময় পর্যন্ত দেশে তেলের দাম বাড়ায়নি, বরং সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা করেছে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সরকার গঠনের শুরু থেকেই কোনো সিন্ডিকেট যেন গড়ে না ওঠে এবং কৃত্রিমভাবে দাম বৃদ্ধি না পায়, সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। শ্রমিক অসন্তোষের বিষয়ে তিনি বলেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় দীর্ঘ বিরতির পর কোনো ধরনের শ্রমিক অসন্তোষ দেখা দেয়নি। সরকার শ্রমিক, মালিক, ট্রেড ও বিজনেস অ্যাসোসিয়েশনগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে প্রতিটি শ্রমিকের বকেয়া বেতন ও বোনাস প্রাপ্তি নিশ্চিত করেছে। তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। SHARES জাতীয় বিষয়: তেজগাঁওনির্বাচনী ইশতেহারবিএনপিমাহদী আমিনসংবাদ সম্মেলনসরকার