ছুটির দিনে ঘরেই তৈরি করুন সুস্বাদু তালের পাকন পিঠা

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

বাজারে এখন পাকা তালের ছড়াছড়ি। এই মৌসুমে বাঙালির ঘরে ঘরে তালের বিভিন্ন পদ তৈরির ধুম পড়ে যায়। তালের রস দিয়ে পিঠা কিংবা পায়েস তৈরির চল বহুদিনের। ছুটির দিনের বিকেলের নাস্তায় দারুণ এক আয়োজন হতে পারে সুস্বাদু তালের পাকন পিঠা। বাইরে হালকা মচমচে আর ভেতরে নরম এই পিঠা চিনির সিরায় ডুবিয়ে পরিবেশন করলে সবাই বেশ পছন্দ করবে।

এই পিঠা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ হলো ১ কাপ পাকা তালের রস, ১ কাপ দুধ, দেড় কাপ চালের গুঁড়া, ১ কাপ সেদ্ধ করে বাটা মুগডাল, পরিমাণমতো লবণ, ঘি এবং ভাজার জন্য তেল। এছাড়া চিনির সিরা তৈরির জন্য লাগবে ২ কাপ চিনি, ১ কাপ পানি, ১ টুকরা দারুচিনি ও একটি এলাচ।

প্রথমে একটি পাত্রে তালের রস ও দুধ একসঙ্গে চুলায় দিন। এরপর এতে চালের গুঁড়া, সেদ্ধ করে বাটা মুগডাল, সামান্য লবণ ও ঘি দিয়ে ভালোভাবে নেড়ে সেদ্ধ করতে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিন। এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নরম খামির তৈরি করুন। অন্য একটি পাত্রে চিনি, পানি, দারুচিনি ও এলাচ দিয়ে জ্বাল দিন। চিনি গলে সিরা তৈরি হয়ে এলে আঁচ কমিয়ে রাখুন।

এবার খামির থেকে এক টেবিল চামচ পরিমাণ নিয়ে হাতে বা ছাঁচের সাহায্যে পছন্দমতো নকশা করে পিঠা তৈরি করুন। একটি প্যানে পরিমাণমতো তেল গরম করুন। তেল খুব বেশি গরম না করে অল্প আঁচে পিঠাগুলো ধীরে ধীরে ভেজে নিন। দুই পাশ সুন্দর সোনালি রং ধারণ করলে পিঠাগুলো তেল থেকে তুলে নিন। পিঠাগুলো গরম থাকতেই চিনির সিরায় ছেড়ে দিন। প্রায় পাঁচ মিনিট সিরায় ভিজিয়ে রাখার পর তুলে প্লেটে সাজিয়ে নিন। সবশেষে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন ঐতিহ্যবাহী তালের পাকন পিঠা।