বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ল

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এই নতুন দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৯৯ টাকা। অর্থাৎ ভোক্তাকে প্রতি লিটারে ৫ টাকা বেশি গুনতে হবে।

বৈঠকে আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তবে সয়াবিন তেলের দাম বাড়লেও পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকের পর তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণের ঘোষণা দিয়েছিলেন।