ব্রাহ্মণবাড়িয়ায় তেল কম দেওয়ায় মেসার্স আরেফিস ট্রেডার্সকে ১ লাখ জরিমানা

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতাদের ওজনে তেল কম দেওয়ার দায়ে মেসার্স আরেফিস ট্রেডার্স নামের একটি জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, ভাদুঘর এলাকার মোল্লাবাড়ি মোড়ে অবস্থিত মেসার্স আরেফিস ট্রেডার্স প্রতিষ্ঠানটিতে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতি লিটারে ক্রেতাদের তেল কম দেওয়ার সুনির্দিষ্ট গোপন সংবাদ পাওয়া গিয়েছিল।

এই সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির মালিক মুসলিম আহমেদ শাহেদ প্রতি ৫ লিটার তেলে ২০০ মিলিলিটার করে তেল কম দিচ্ছিলেন। এই অনিয়মের সত্যতা পাওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত