স্কালোনির নতুন দলে বড় চমক রোমান ভেগা, কে এই লেফট-ব্যাক?

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে আর্জেন্টিনার। তবে সেই হতাশা পেছনে ফেলে নতুন করে দল পুনর্গঠনের কাজ শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি। আসন্ন তিনটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে এসেছে বেশ কিছু নতুন মুখ, যার মধ্যে সবচেয়ে বড় চমক ২১ বছর বয়সী লেফট-ব্যাক রোমান ভেগা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে আর্জেন্টিনার রক্ষণভাগের ভবিষ্যতের বিকল্প হিসেবে নিজেকে চেনানোর অপেক্ষায় আছেন তিনি।

আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার নতুন যাত্রা শুরু হবে। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। আর ৬ অক্টোবর এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে খেলবে তারা। শেষ ম্যাচটি অবশ্য অন্যরকম আবেগের, কারণ এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ৩৯ বছর বয়সী মহাতারকা লিওনেল মেসি। তবে মেসির বিদায়ের আবহ থাকলেও স্কালোনির মূল লক্ষ্য এই তিন ম্যাচে নতুনদের পরখ করে নেওয়া।

এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রোমান ভেগাকে নিয়ে। আর্জেন্তিনোস জুনিয়র্সের একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডার খেলেছেন বার্সেলোনা ‘বি’ দলেও। এরপর ২০২৫ সালে রাশিয়ার ক্লাব জেনিতে যোগ দেন তিনি। তাকে দলে ভেড়াতে জেনিত খরচ করেছে ৯০ লাখ ডলার, যার ৯০ শতাংশ স্বত্ব কিনেছে রুশ ক্লাবটি। এই দলবদল থেকে ভেগার পুরোনো ক্লাব আর্জেন্তিনোস জুনিয়র্স পেয়েছে নিট ৬৫ লাখ ডলার। জাতীয় দলের সঙ্গে ভেগার যোগাযোগ অবশ্য নতুন নয়; এর আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ভ্যালেন্তিন বারকো ও অগুস্তিন জিয়াইয়ের মতো তারকাদের সঙ্গে খেলেছেন তিনি।

আর্জেন্টিনার রক্ষণভাগে এবার বড় পরিবর্তন এনেছেন স্কালোনি। ডান দিকের রক্ষণ সামলানো নাহুয়েল মোলিনা সাত ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় দলে ডাক পেয়েছেন তরুণ অগুস্তিন জিয়াই ও অভিজ্ঞ হুয়ান ফোইথ। চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ মিস করা ফোইথ দল ঘোষণার চার দিন আগেও শারীরিক সমস্যায় ভুগছিলেন, তবুও তার অভিজ্ঞতার ওপর ভরসা রেখেছেন কোচ। আর জিয়াই ও ভেগার অন্তর্ভুক্তি মূলত রক্ষণভাগে নতুন প্রজন্মকে জায়গা দেওয়ার ইঙ্গিত।

শুধু ডিফেন্সে নয়, আক্রমণভাগেও অনূর্ধ্ব-২৩ পর্যায়ের চার তরুণকে ফেরানো হয়েছে। তারা হলেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো, হিয়ানলুকা প্রেস্তিয়ানি, মাতিয়াস সুলে ও সান্তিয়াগো কাস্ত্রো। রিয়াল মাদ্রিদে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়ায় বিশ্বকাপের দল থেকে বাদ পড়া মাস্তানতুওনো আবারও ডাক পেয়েছেন। বেনফিকায় দারুণ পারফর্ম করা প্রেস্তিয়ানিও ফিরেছেন দলে, যিনি ২০২৫ সালে অভিষেকের পর ভিনিসিয়ুসের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের এক বিতর্কিত ঘটনায় নিষিদ্ধ হয়ে বাদ পড়েছিলেন। অন্যদিকে, সুলে ও কাস্ত্রো এখনো সিনিয়র দলে অভিষেকের অপেক্ষায় আছেন।

মাঝমাঠে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালের ঘটনার জেরে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন লেয়ান্দ্রো পারেদেস। ফাইনালে লাল কার্ড দেখা এনসো ফার্নান্দেস এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া তিয়াগো আলমাদাও মাঠের বাইরে থাকছেন। তবে ক্লাস ‘এ’ প্রীতি ম্যাচ হওয়ায় এই ম্যাচগুলোর মাধ্যমেই তাদের নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে। আর এই পরিবর্তনের আবহে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে নামবেন মেসি। গত আগস্টে অবসর ঘোষণা করা এই ফরোয়ার্ডের বিদায়কে স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। এস্তাদিও মনুমেন্তালের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যরাও। বেনিনের বিপক্ষে মাঠে নামলে আর্জেন্টিনার হয়ে মেসির ম্যাচ সংখ্যা দাঁড়াবে ২০৮ এবং দেশের হয়ে সর্বোচ্চ ১২৫ গোলের রেকর্ডটি আরও সমৃদ্ধ করার সুযোগ পাবেন তিনি।

আর্জেন্টিনার হয়ে তার ক্যারিয়ারে আছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জয়।