ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখে আসছে বড় পরিবর্তন প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ঘোষিত সম্ভাব্য সময়সূচি নিয়ে নতুন করে ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ দিনগুলোর সঙ্গে নির্বাচনের তারিখ মিলে যাওয়ায় কমিশন এ বিষয়ে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ইসির সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যের অসামঞ্জস্যতা এবং তারিখ নির্ধারণে অদূরদর্শিতার কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন নির্বাচন কমিশনাররা। ইসি রোববার ও সোমবার অনানুষ্ঠানিক বৈঠকে সাত ধাপে ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সর্বশেষ সপ্তম ধাপ ২৭ মে নির্ধারণ করা হয়। নির্বাচন কমিশনের নজরে এসেছে যে, দ্বিতীয় ধাপের ভোটের তারিখ ১৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে, অথচ ওই দিন গণিত পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এছাড়া ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষার তারিখ নির্ধারিত আছে। ইসি ও শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এবং শিক্ষকরা ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করেন, তাই পরীক্ষা বহাল থাকলে ওই সময়ে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই। অন্যদিকে, তৃতীয় ধাপের ভোটের জন্য নির্ধারিত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী, যেদিন দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত বোধ করছে। মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের বক্তব্যে কমিশন কিছুটা অস্বস্তিতে থাকলেও, কমিশন মনে করছে তারিখ নির্ধারণে তাদের পক্ষ থেকেও ভুল হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আন্তঃমন্ত্রণালয় সভায় উঠে আসা পরামর্শ ও আলোচনা বিবেচনায় নিয়ে ভোটের তারিখ চূড়ান্ত করা হবে। এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ ইসিতে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সভায় মন্ত্রিপরিষদ সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার নির্বাচন কমিশনারদের অনানুষ্ঠানিক বৈঠকে তারিখ পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক কমিশন সভার মাধ্যমে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। SHARES রাজনীতি বিষয়: ইউপি নির্বাচনখালেদা জিয়াজুনিয়র বৃত্তি পরীক্ষানির্বাচন কমিশননির্বাচনের তারিখ