মিরসরাইয়ে দরবেশ সেজে অটোরিকশা যাত্রী বৃদ্ধার স্বর্ণালংকার লুট

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে অটোরিকশায় ভ্রমণের সময় দরবেশ সেজে এক বৃদ্ধার স্বর্ণালংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হালিমা বেগম (৬০) একই ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা। তিনি সকালে অটোরিকশায় করে তার মেয়ের বাড়িতে যাওয়ার পথে এই পরিস্থিতির শিকার হন। ভুক্তভোগী হালিমা বেগম (৬০) একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী নারী জানান, অটোরিকশায় ওঠার পর থেকেই চালক তাকে পরিবারের নানা বিষয়ে প্রশ্ন করতে থাকেন এবং মুঠোফোনে অন্য কারো সঙ্গে কথা বলছিলেন। কিছুদূর যাওয়ার পর দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকা থেকে দরবেশের বেশে এক ব্যক্তি গাড়িতে ওঠেন। ওই ব্যক্তি চালকের আগের করা প্রশ্নগুলোর সূত্র ধরে তার সঙ্গে কথা জুড়ে দেন। একপর্যায়ে ‘শয়তানের নিঃশ্বাস লাগানোর’ কথা বলে তিনি একটি পাঁচ টাকার নোট হালিমার নাকের কাছে ধরেন। এতেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। একই সময়ে মুঠোফোনে অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলতেও দেখা যায় চালককে। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানাই।

হালিমা বেগম আরও জানান, পরে মহাসড়কের নাহার এগ্রোর সামনে তাকে নামিয়ে দিয়ে ওই অটোরিকশা চালক ও দরবেশবেশী ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর তিনি দেখেন, তার কানে থাকা সাড়ে ৪ আনা ওজনের স্বর্ণের দুলটি গায়েব। ছিনতাই হওয়া এই গহনার বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।