পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ১১৬ নং প্রধানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা পাউরুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে প্রথম শিফটের ক্লাস শেষে শিশু শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার স্কুল থেকে পাওয়া পাউরুটি নিয়ে বাড়ি যায়। পরে সেটি খাওয়ার সময় পাউরুটির ভেতরে ব্লেডটি দেখতে পায় সে। ঘটনার পরপরই শিশুটির পরিবারের সদস্যরা পাউরুটিসহ বিদ্যালয়ে উপস্থিত হন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরুণ রায় পাউরুটিটি নিয়ে দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যান। সহকারী শিক্ষক বরুণ রায় জানান, মিম আক্তারের অভিভাবক পাউরুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ নিয়ে বিদ্যালয়ে আসেন। বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি পাউরুটিটি অফিসে নিয়ে আসার নির্দেশ দেন। তবে অন্য কোনো শিক্ষার্থীর প্যাকেটে এমন কোনো বস্তু পাওয়া যায়নি বলে জানা গেছে। শিশুদের খাবারে এমন অনিরাপদ বস্তু পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়। স্কুল ফিডিং কর্মসূচির খাবারের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এ বিষয়ে প্রধানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া পঞ্চগড় জেলায় রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ইএসডিওর স্কুল ফিডিং প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন জানান, খবর পাওয়ার পর পাউরুটিটি সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: খাদ্য নিরাপত্তাদেবীগঞ্জপঞ্চগড়প্রাথমিক শিক্ষাস্কুল ফিডিং