ইসরাইলে সরকার গঠনের জন্য আইজেনকটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

দখলদার ইসরাইলে নতুন জোট সরকার গঠনের প্রক্রিয়ায় বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। গত সপ্তাহের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকট—কারও পক্ষেই নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হয়নি। এর প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনার পর প্রেসিডেন্ট এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান আইজেনকট এখন ২৮ দিন সময় পাবেন। তবে পরিস্থিতির প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, আইজেনকট এবং নেতানিয়াহু উভয়কেই এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে। নবনির্বাচিত নেসেট সদস্যদের মধ্যে আইজেনকট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন, বিপরীতে নেতানিয়াহুর পক্ষে সমর্থন রয়েছে ৪৬ জনের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইজেনকট বলেন, এখন সময় এসেছে একটি জাতীয় জরুরি সরকার গঠনের। জনগণের বিশ্বাসের প্রতি পূর্ণ সম্মান রেখে আমি সবটুকু করার চেষ্টা করব। ইসরাইলের রাজনৈতিক ইতিহাসে আজ পর্যন্ত কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, ফলে দেশটিতে সর্বদা জোট সরকার গঠিত হয়ে আসছে। তবে এবারের নির্বাচনে দুই আরব জোট—ইউনাইটেড আরব লিস্ট এবং জয়েন্ট লিস্ট রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করে বড় চমক দেখিয়েছে। যদিও নির্বাচনের আগে একটি ব্যতিক্রমি দল ছাড়া সবকটি ইহুদি রাজনৈতিক দল আরব দলগুলোর সঙ্গে কোনো সরকার না গড়ার অঙ্গীকার করেছিল।

বর্তমানে সরকার গঠনের তিনটি পথ খোলা রয়েছে। প্রথমত, নেতানিয়াহু ও আইজেনকটের সমন্বয়ে জাতীয় ঐক্যের সরকার; দ্বিতীয়ত, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট; অথবা আরব দলগুলোর সমর্থনে আইজেনকটের নেতৃত্বাধীন সরকার। আইজেনকট ও তার ব্লকের অধিকাংশ সদস্য এতদিন আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে আসলেও পর্দার আড়ালে সমঝোতার গুঞ্জন রয়েছে। এছাড়া আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর সঙ্গেও তিনি চুক্তির চেষ্টা চালাতে পারেন।

উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে ইসরাইল। সে সময় সমঝোতার অভাবে তিন বছরে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অতীতে ২০২০ সালে নেতানিয়াহু এবং বেনি গ্যান্টস ক্ষমতার হাতবদলের ভিত্তিতে সরকার গঠনের চুক্তি করেছিলেন।