রাজবাড়ীতে ভেজাল সার কারখানা স্থায়ী বন্ধের দাবি জেলা প্রশাসকের কাছে

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

রাজবাড়ী সদরের খানখানাপুর ইউনিয়নের ডিগ্রীচর চাঁদপুর এলাকায় অবস্থিত ‘অর্ণব ফার্টিলাইজার’ ও ‘আমিন এগ্রো ফার্ম লিঃ’-এর বিরুদ্ধে ভেজাল ও মানহীন সার উৎপাদন, পরিবেশ দূষণ এবং সরকারি নির্দেশ অমান্য করার মারাত্মক অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ও সিলগালা করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা মোস্তফা আমির ফয়সাল।

আবেদনপত্রের তথ্যানুযায়ী, সারের নিম্নমানের কারণে গত ০৩/১১/২০২৫ তারিখে এসিআই কোম্পানি এই কারখানার উৎপাদন বন্ধের ঘোষণা দেয়। তবে কারখানার মালিক মোঃ নূরুল আমীন গোপনে উৎপাদন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তিনি দিনের বেলায় মুরগির খামারের গোদামে ফিডের বস্তার ভেতর সার লুকিয়ে রাখেন এবং রাতের অন্ধকারে তা পাচার ও বাজারজাত করেন।

এর আগে গত ১৯/১০/২০২৫ তারিখে পরিচালিত একটি মোবাইল কোর্টের মাধ্যমে সারের নমুনা সংগ্রহ করে যশোরের এসআরডিআই (SRDI) পরীক্ষাগারে পাঠানো হয়। ল্যাব পরীক্ষায় ওই সারে জৈব কার্বন ও পটাশিয়ামের মারাত্মক ঘাটতি ধরা পড়ে। এছাড়া কোনো ব্যাচ নম্বর ও সঠিক ঠিকানা ব্যবহার না করেই বাজারে সার সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি গত ২৯/০৬/২০২৫ তারিখে জেলা প্রশাসন থেকে তিন মাসের মধ্যে সীমানা প্রাচীর নির্মাণ ও শেড তৈরির যে নির্দেশনা দেওয়া হয়েছিল, কারখানা কর্তৃপক্ষ তা পালন করেনি। পরিবেশ অধিদপ্তরের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত আদেশও মানা হয়নি।

এই অনিয়মের ঘটনায় রাজবাড়ী জেলা কৃষি অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার গোলাম রাসূলের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে অভিযোগকারী মোস্তফা আমির ফয়সাল জানান, কারখানাটি মানহীন ও ভেজাল সার তৈরি করে বাজারজাত করছে এবং এলাকায় পরিবেশ দূষণ ঘটাচ্ছে। এলাকাবাসীর পক্ষ থেকে কারখানাটি অবিলম্বে সিলগালা ও স্থায়ীভাবে বন্ধের দাবি জানান তিনি।

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে অর্ণব ফার্টিলাইজার ও আমিন এগ্রো ফার্মের পরিচালক মোঃ নুরুল আমিন বলেন, প্রশাসনের নির্দেশে তিনি পূর্বে সারের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রেখেছিলেন এবং সংস্কারের শর্ত পূরণ করেছেন। তাঁর দাবি, উদ্দেশ্যেপ্রণোদিতভাবে আবারও নতুন করে এই অভিযোগ করা হয়েছে। দীর্ঘ প্রায় দুই বছর ধরে কারখানা বন্ধ থাকায় সেখানে কর্মরত কয়েকশত শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবি জানান। তদন্ত কমিটির প্রধান গোলাম রাসূল জানান, তদন্ত কার্যক্রম শেষে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত