গোপালগঞ্জে এমপির বহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬ ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর অংশে ১০টি যানবাহনের পর পর সংঘর্ষে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে। (প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম)। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বহরের গাড়িও ছিল। দুর্ঘটনায় তাঁর গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও তিনি অলৌকিকভাবে অক্ষত ও সুস্থ রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকায় যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি মুকসুদপুর সীমান্ত দিয়ে প্রবেশের পর বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পরপরই পেছনে থাকা অন্য যানবাহনগুলো একটির পর একটি আছড়ে পড়ে। একপর্যায়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১০টি গাড়ি এই দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার তীব্রতায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে তাঁকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া বহরে থাকা এমপি সেলিমের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় মারাত্মক আহত ২০ থেকে ২৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। SHARES দুর্ঘটনা বিষয়: এমপির বহরগোপালগঞ্জমহাসড়কমুকসুদপুরসেলিমুজ্জামান সেলিমসড়ক দুর্ঘটনা