শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি, কুয়াশার চাদরে ঢাকা চা-বাগান প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬ শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের প্রকৃতিতে শীতের আগমনী বার্তা স্পষ্ট হতে শুরু করেছে। সন্ধ্যা নামলেই হিমেল হাওয়া অনুভূত হচ্ছে এবং ভোরের প্রকৃতি ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়। চা-বাগানের সবুজ পাতায় শিশির জমতে শুরু করেছে, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে। শুক্রবার সকালে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান জানিয়েছেন, শুক্রবার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে শুরু করে এবং রাত বাড়ার সাথে সাথে শীতের আমেজ স্পষ্ট হয়ে ওঠে। বিরাহিমপুর এলাকার বাসিন্দা হাসনা বেগম জানান, ভোর ৫টায় ঘুম থেকে উঠে তিনি চারদিকে কুয়াশা এবং বেশ শীত দেখতে পান। শীতের এই আগমনে শ্রীমঙ্গলের পাহাড়ি টিলা ও চা-বাগান নতুন রূপ ধারণ করেছে। ভোরের সূর্যের আলোয় ঘাস ও পাতার ওপর জমে থাকা শিশিরবিন্দু ঝিলমিল করে উঠছে। পাশাপাশি পাখির অভয়ারণ্য বাইক্কা বিলেও অতিথি পাখির আনাগোনা শুরু হয়েছে। বড়গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠন সূত্রে জানা গেছে, শীতের শুরুতেই কিছু অতিথি পাখি আসতে শুরু করেছে এবং শীত বাড়ার সাথে সাথে বিলজুড়ে পাখির প্রাণচাঞ্চল্য বাড়বে। শ্রীমঙ্গলের শীতের ইতিহাস বেশ বৈচিত্র্যময়। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের ইতিহাসে অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এছাড়া ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি, ২০০৩ সালের ২৩ জানুয়ারি ৫ ডিগ্রি, ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫.২ ডিগ্রি এবং ১৯৯৫ ও ২০০৭ সালে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বর্তমান তাপমাত্রা রেকর্ড করার মধ্য দিয়ে ঋতু পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলছে এবং সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES পরিবেশ ও জলবায়ু বিষয়: আবহাওয়াকুয়াশাতাপমাত্রাবাইক্কা বিলশীতশ্রীমঙ্গল