ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬ প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা উদ্বেগের বিষয়। তিনি উল্লেখ করেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি তা জীবনহানির কারণও হয়ে দাঁড়াতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তারেক রহমান বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত। প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। বাংলাদেশের উদ্যোগেই দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে, যা দেশের জন্য গৌরবের। বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সকল সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং দিবসটির কর্মসূচির সাফল্য কামনা করেন। তিনি ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন। SHARES জাতীয় বিষয়: ডায়াবেটিসপ্রধানমন্ত্রীবিশ্ব ডায়াবেটিস দিবসসচেতনতাস্বাস্থ্যসেবা