ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে নয়াদিল্লি

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শনিবার (১৪ নভেম্বর) চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টায় ঢাকার বায়ুমান সূচকে (একিউআই) স্কোর ছিল ১৯৪। বাতাসের মান অনুযায়ী এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

এদিন দূষণের তালিকায় ২২৭ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী নয়াদিল্লি। একই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ২০৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা। তালিকার পঞ্চম স্থানে রয়েছে চীনের বেইজিং শহর, যার স্কোর ১৬৫ এবং ১৬১ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মিশরের কায়রো।

আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।