পরিবারের নামে ফ্ল্যাট-প্লট কিনলে আয়কর রিটার্নে যেভাবে তথ্য দেখাবেন

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

ভবিষ্যৎ নিরাপত্তা, উত্তরাধিকার নিশ্চিত করা কিংবা পারিবারিক সম্পদ ব্যবস্থাপনার সুবিধার্থে বাংলাদেশে অনেকে নিজের টাকায় স্ত্রী, সন্তান কিংবা মা-বাবার নামে জমি, বাড়ি বা ফ্ল্যাট কেনেন। নিজের অর্জিত অর্থে পরিবারের অন্য সদস্যের নামে সম্পদ কেনা ও দলিল করা আইনিভাবে বৈধ হলেও অর্থের যথাযথ উৎস, ঋণ বা উপহারের প্রমাণ এবং মালিকানার হিসাবে অসংগতি থাকলে করদাতাকে আয়কর কর্তৃপক্ষের জবাবদিহির মুখে পড়তে হতে পারে। সম্পত্তি ক্রয়ের অর্থ কোথা থেকে এসেছে, নামীয় ব্যক্তি সম্পদটির প্রকৃত মালিক কি না, এবং লেনদেনটি উপহার বা ঋণ হিসেবে হয়েছে কি না—এসব বিষয়ে স্পষ্ট প্রমাণ না থাকলে রিটার্নে সম্পদের হিসাব প্রদর্শন ও কর নির্ধারণের সময় নানা জটিলতা সৃষ্টি হয়।

আয়কর আইন ২০২৩-এর ৬৬ ধারার বিধান অনুযায়ী, যেকোনো দান, অনুদান বা উপহারকে সাধারণভাবে ‘অন্যান্য উৎস হতে আয়’ গণ্য করা হয়। তবে একই আইনের ষষ্ঠ তফসিলের ৩৫ নম্বর দফায় নির্দিষ্ট কিছু নিকটাত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহারকে মোট করযোগ্য আয় থেকে বাদ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। স্বামী-স্ত্রী, মা-বাবা, সন্তান এবং আপন ভাইবোন এই ছাড়ের আওতায় পড়েন। এই সুবিধা পেতে হলে শর্ত হলো, দাতা ও গ্রহীতা—উভয়কেই নিজেদের আয়কর রিটার্নে এই উপহারের তথ্য সুনির্দিষ্টভাবে প্রদর্শন করতে হবে। উদাহরণস্বরূপ, একজন বাবা যদি তাঁর বৈধ ও ঘোষিত আয়ের উৎস থেকে প্রাপ্ত অর্থ দিয়ে মেয়েকে এক কোটি টাকার একটি ফ্ল্যাট উপহার দেন, তবে বাবা তাঁর রিটার্নে উপহার দেওয়ার বিষয়টি দেখাবেন এবং মেয়ে তাঁর রিটার্নে সম্পদ বৃদ্ধি ও উপহার প্রাপ্তির তথ্য উল্লেখ করবেন। আইনের শর্তাবলি পূরণ হলে মেয়ের ক্ষেত্রে এই উপহার আয়করমুক্ত হিসেবে গণ্য হবে।

তবে আয়কর অব্যাহতি পাওয়া আর দানকর থেকে অব্যাহতি পাওয়া এক বিষয় নয়, দুই করের আইন ও বিধান সম্পূর্ণ আলাদা। দানকর আইন ১৯৯০-এর বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি স্বেচ্ছায় এবং কোনো অর্থনৈতিক প্রতিদান ছাড়া অন্য কাউকে নগদ টাকা, জমি, বাড়ি বা ফ্ল্যাট হস্তান্তর করলে তা দান হিসেবে বিবেচিত হয়। এই আইনের ৪ ধারায় নির্দিষ্ট কিছু আত্মীয়কে উপহার দেওয়ার ক্ষেত্রে দানকর মওকুফ করা হয়েছে। ছেলে-মেয়ে, বাবা-মা, স্বামী-স্ত্রী ও আপন ভাইবোনের মধ্যে উপহারের ক্ষেত্রে কোনো দানকর দিতে হয় না। ফলে বাবা মেয়েকে জমি বা ফ্ল্যাট উপহার দিলে দানকর প্রযোজ্য হবে না। কিন্তু দাদা-নাতি, নানা-নাতনি, চাচা-ভাতিজা বা মামা-ভাগনের মধ্যে সম্পদ উপহার দিলে কেবল পারিবারিক সম্পর্কের কারণে তা স্বয়ংক্রিয়ভাবে দানকরমুক্ত হয় না। এছাড়া ফ্ল্যাট বা জমি উপহার দেওয়ার ক্ষেত্রে দলিলে কম মূল্য দেখালেই তা গ্রহণযোগ্য হবে না; দানের তারিখে সম্পত্তিটির সম্ভাব্য বাজারমূল্য বিবেচনা করেই দানকর আইনের আওতায় মূল্যায়ন করা হয়। করযোগ্য উপহারের ক্ষেত্রে পরবর্তী কর বছরের ১৫ সেপ্টেম্বরের মধ্যে দানকর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।

ফ্ল্যাট বা প্লট কেনার উদ্দেশ্যে পরিবারের সদস্যের কাছ থেকে ঋণ নেওয়াও সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। অনেক সময় স্বামী-স্ত্রী কিংবা মা-বাবা ও সন্তানের মধ্যে ঋণ হিসেবে অর্থ লেনদেন হয়ে থাকে। আয়কর আইন ২০২৩-এর ৬৭ ধারার ১৩ উপধারা মতে, ব্যাংকিং চ্যানেলের বাইরে পাঁচ লাখ টাকার বেশি ঋণ, অগ্রিম বা আমানত গ্রহণ করা হলে তা শর্তসাপেক্ষে ‘অন্যান্য উৎস হতে আয়’ হিসেবে গণ্য হতে পারে। তবে আইনে নির্দিষ্ট কিছু পারিবারিক সম্পর্কের লেনদেনে ব্যতিক্রমের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ঋণদাতা ও ঋণগ্রহীতা দুজনকেই নিজ নিজ রিটার্নে এই লেনদেনের তথ্য দেখাতে হবে। তাই পরিবারের স্বজনের কাছ থেকে ঋণ নিলে ঋণের পরিমাণ, শর্ত, পরিশোধের সময়সীমা এবং ব্যাংক লেনদেনের প্রমাণপত্র সংরক্ষণ করা জরুরি। পরবর্তীতে এই ঋণ যদি মওকুফ করা হয়, তবে তা উপহার হিসেবে গণ্য হবে এবং তখন উপহারসংক্রান্ত করের বিধান প্রযোজ্য হবে।

কারো আয় বা পূর্বের ঘোষিত সম্পদের সঙ্গে সম্পদ ক্রয়ের ব্যয়ের সামঞ্জস্য না থাকলে কর কর্তৃপক্ষ অর্থের উৎস জানতে চাইতে পারে। যেমন—একজন চাকরিজীবী স্ত্রী বা সন্তানের নামে এক কোটি টাকার ফ্ল্যাট কিনলেন, কিন্তু তাঁর আয়কর নথি বা ব্যাংক বিবরণীতে সেই পরিমাণ খরচের আর্থিক সামর্থ্য দেখা যাচ্ছে না। সে ক্ষেত্রে সঞ্চয়, ব্যবসা, উত্তরাধিকার নাকি স্ত্রীর কাছ থেকে পাওয়া ঋণ থেকে এই অর্থ এসেছে, তার গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ উপস্থাপন করতে হবে। আয়কর আইন অনুযায়ী, ব্যাখ্যাহীন ব্যাংক জমা কিংবা ঘোষিত আয়-ব্যয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ বৃদ্ধিকে ‘অন্যান্য উৎস হতে আয়’ হিসাব করে কর আরোপের সুযোগ রয়েছে।

পরিবারের সদস্যের নামে সম্পত্তি কেনা বা হস্তান্তরের ক্ষেত্রে ভবিষ্যতে করসংক্রান্ত আইনি জটিলতা এড়াতে করদাতাদের পাঁচটি গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়:

অর্থের উৎসের প্রমাণ: সঞ্চয়, ব্যবসার আয়, উত্তরাধিকার বা অন্য কোনো উৎস থেকে অর্থ প্রাপ্তির দালিলিক প্রমান।উপহারের দলিল: সম্পদ বা অর্থ উপহার দেওয়া হয়ে থাকলে তার যথাযথ আইনি দলিল ও আনুষঙ্গিক প্রমাণপত্র।ঋণের চুক্তিপত্র: পরিবারের সদস্যের কাছ থেকে ঋণ নিলে ঋণের পরিমাণ, সুনির্দিষ্ট শর্ত ও পরিশোধের সময়সীমা উল্লেখ করা চুক্তিপত্র।ব্যাংক লেনদেনের প্রমাণ: অর্থ দেওয়া-নেওয়ার ব্যাংক স্টেটমেন্ট বা অফিশিয়াল লেনদেনের রসিদ।আয়কর রিটার্ন: দাতা ও গ্রহীতা—উভয়ের আয়কর রিটার্নে প্রদর্শিত তথ্যের পারস্পরিক সামঞ্জস্য।

অর্থের উৎসের প্রমাণ: সঞ্চয়, ব্যবসার আয়, উত্তরাধিকার বা অন্য কোনো উৎস থেকে পাওয়া অর্থের কাগজপত্র।২.

উপহারের দলিল: অর্থ বা সম্পত্তি উপহার দেওয়া হলে তার যথাযথ দলিল ও প্রমাণ।৩.