ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬ দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিক ভিত্তিক তফসিলি ব্যাংকসমূহের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা। এটি ওই সময়ে ব্যাংকিং খাতে বিতরণকৃত মোট ঋণের ৩২.১৭ শতাংশ। গত পাঁচ বছরের তুলনামূলক চিত্রে দেখা যায় যে, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ লাগাতারভাবে বৃদ্ধি পাচ্ছে। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, বিগত বছরগুলোতে খেলাপি ঋণের চিত্র ক্রমাগত অবনতির দিকে গেছে। ২০২২ সালে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ছিল ওই সময়ের বিতরণকৃত ঋণের ৭.৬৪ শতাংশ। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে এই হার বেড়ে দাঁড়ায় ৮.৩৯ শতাংশে। ২০২৪ সালে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা, যার মধ্যে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা বা ১৭.৮৩ শতাংশ। ২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা এবং খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা, যা মোট ঋণের ২৯.৯২ শতাংশ। সর্বশেষ সেপ্টেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা এবং খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায় পৌঁছেছে। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায়ের বিষয়ে সরকার কাজ করছে বলে জানানো হয়েছে। এছাড়া ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। অর্থ পাচার রোধ ও বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর উদ্যোগসহ নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংসদকে জানানো হয়। SHARES অর্থনীতি বিষয়: অর্থনীতিঅর্থমন্ত্রীখেলাপি ঋণজাতীয় সংসদব্যাংকিং খাত