সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে সাংবাদিক নেতাদের কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত: 6:31 PM, July 22, 2026

সাংবাদিক হাফিজুর রহমান শফিককে গ্রেপ্তারের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ সাংবাদিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই প্রতিবাদ জানানো হয়। বক্তারা অবিলম্বে সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং বৃহস্পতিবারের মধ্যে তাকে মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ বলেন, পুলিশের উচিত ছিল আইনি প্রক্রিয়া অনুসরণ করা, কিন্তু তারা অতি উৎসাহী আচরণ করেছে। তিনি বিশেষভাবে শাহবাগ থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। নাহিদ আরও বলেন, ফায়ার সার্ভিস নিয়ে অতীতে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে। শফিক একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পরিচিত। যদি তার প্রতিবেদনের বিষয়ে কারো দ্বিমত থাকত, তবে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে জবাব দেওয়া বা আইনিভাবে মানহানির মামলা করার সুযোগ ছিল। তিনি সাংবাদিক সমাজকে উসকানি না দেওয়ার আহ্বান জানান।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার বলেন, গত ১৫ বছর ধরে সাংবাদিক সংগঠনগুলো ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের বিরুদ্ধে গণমাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছে। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকের বিরুদ্ধে আবারও মামলা ও গ্রেপ্তারের ঘটনা তারা কল্পনাও করতে পারেননি। তিনি শাহবাগ থানার ওসির কাছে জানতে চান, অনুসন্ধানী প্রতিবেদনে মামলা করার উপাদান আছে—এই ধারণা তাকে কে দিয়েছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য নিজামুদ্দিন দরবেশ, রাজু আহমেদ, তালুকদার রুমি, ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী কমিটির সদস্য এইচএম আল-আমিন এবং জুলাইযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতারা।