আগামী বছরের প্রথমদিকেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল প্রকাশিত: 7:01 PM, July 22, 2026 আগামী বছরের প্রথমদিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, এই নির্বাচন হবে নিরপেক্ষ। জনপ্রতিনিধিদের জনগণের ভোটে নির্বাচিত হয়েই আসতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হবে। জনপ্রতিনিধিদের ইচ্ছামতো বরখাস্ত করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন। ত্রাণ বণ্টনের বিষয়ে মন্ত্রী বলেন, গরিবের হক যেন নষ্ট না হয় এবং ত্রাণ যেন সঠিকভাবে বণ্টন করা হয়, তা নিশ্চিত করতে হবে। এছাড়া চেয়ারম্যান ও মেম্বারদের ভাতার বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে একটি সম্মানজনক পর্যায়ে আনার চেষ্টা করবেন বলে তিনি আশ্বাস দেন। এ বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে এই কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মন্ত্রী। সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বিগত সময় ত্রাণের বরাদ্দ হতো এপ্রিল মাসে। এবার থেকে ত্রাণের বরাদ্দ সেপ্টেম্বর মাসে দেওয়া হবে, যাতে বাকি চার মাস বণ্টনের কাজ সুষ্ঠুভাবে শেষ করা যায়। SHARES জাতীয় বিষয়: ইউনিয়ন পরিষদজনপ্রতিনিধিত্রাণ বিতরণমির্জা ফখরুল ইসলাম আলমগীরস্থানীয় সরকার নির্বাচন