দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে মোদির বার্তা, প্রশ্নফাঁস নিয়ে কঠোর ব্যবস্থা প্রকাশিত: 1:00 PM, July 23, 2026 ভারতের রাজধানী দিল্লির যন্তরমন্তরে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আয়োজিত ধরনায় বৃহস্পতিবার সকাল থেকে ছাত্র-যুবদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের এই জমায়েতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সংহতি প্রকাশ করেছেন। বুধবার রাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও বৃহস্পতিবার সকালে সেখানকার পরিবেশ কিছুটা থমথমে রয়েছে, তবে ক্রমশ মানুষের ভিড় বাড়ছে। নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে সকাল সাড়ে ৭টা থেকে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রচুর পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সিজেপি প্রধান অভিজিৎ দীপক জানিয়েছেন, তাদের এই আন্দোলনের আজ ৩৪তম দিন এবং সোনম ওয়াংচুকের অনশনের ২৬তম দিন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে অভিজিৎ দীপক সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। এই উত্তাল পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের তরুণদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেন, তরুণদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এর চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্নফাঁস বিতর্কে ন্যায়বিচারের আশ্বাস দিয়ে মোদি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার দোষীদের দ্রুত বিচারের জন্য 'ফাস্ট-ট্র্যাক আদালত' গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) শিক্ষার্থীদের বিক্ষোভে দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনা করে। আরএসএস নেতৃত্বের মতে, সোমবার যেভাবে পুলিশ বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছিল তা সঠিক ছিল না। তাদের মতে, নিট প্রশ্নফাঁস ও সিবিএসই-র দ্বাদশ শ্রেণির উত্তরপত্র ঘিরে জটিলতার মতো ঘটনায় শিক্ষার্থীদের ক্ষোভ স্বাভাবিক এবং সরকার অনেক আগেই তাদের সঙ্গে আলোচনায় বসলে পরিস্থিতি এভাবে হাতের বাইরে যেত না। তবে সঙ্ঘ শিক্ষামন্ত্রীর অপসারণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। SHARES অন্যান্য বিষয়: দিল্লিনরেন্দ্র মোদিপ্রশ্নফাঁসফাস্ট ট্র্যাক কোর্টযন্তরমন্তরশিক্ষার্থী আন্দোলন