নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু

প্রকাশিত: 8:02 PM, July 25, 2026

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে সপ্তাহব্যাপী জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নীলফামারী বন বিভাগের মামলা পরিচালনাকারী আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী বন কর্মকর্তা নিশি মালাকার। মেলার আনুষ্ঠানিকতার আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, গাছ আমাদের পরম বন্ধু এবং অক্সিজেন পাওয়ার প্রধান উৎস। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও অক্সিজেনের চাহিদা পূরণে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের যে কর্মসূচি হাতে নিয়েছেন, তার অংশ হিসেবে আমাদের প্রত্যেককে একটি করে গাছের চারা লাগিয়ে এই উদ্যোগের পাশে দাঁড়াতে হবে।

নীলফামারী বন কর্মকর্তা নিশি মালাকার জানান, জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রংপুরের আয়োজনে এই মেলায় মোট ৫২টি স্টল স্থান পেয়েছে। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিক্রির জন্য পাওয়া যাচ্ছে।