জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশিত: 8:00 PM, July 26, 2026

সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রবিবার ২৬ জুলাই বেলা ১১টা ৪০ মিনিটে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি একটি গাছের চারা রোপণ করেন। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে ১১টা ৪৭ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

পরিদর্শন বইয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ লিখেছেন, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। তিনি উল্লেখ করেন, শহীদদের সর্বোচ্চ ত্যাগ ও অসীম দেশপ্রেমের বিনিময়েই বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই স্মৃতিসৌধকে তিনি জাতির গৌরব, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করেন যে, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ ও শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক উন্নত বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধে পৌঁছালে তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান এবং তিনি তাঁদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।