দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: আফরোজা খানম রিতা

প্রকাশিত: 10:30 PM, July 26, 2026

রোববার দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশপ্রেমের শিক্ষা দিয়ে গেছেন। আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল কারিগর।

তিনি আরও বলেন, কেবল ভালো ফলাফল করলেই চলবে না, বরং দেশপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাকে একটি বড় শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করে। তাই সময়ের সঠিক মূল্যায়ন করে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সততার সঙ্গে নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহফিল খান। তিনি নবীন শিক্ষার্থীদের কলেজ জীবনের প্রতিটি মুহূর্ত জ্ঞানার্জন, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি বিকাশে কাজে লাগানোর আহ্বান জানান। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান সজিব, সাংগঠনিক সম্পাদক অয়ন খান এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক।

মূল অনুষ্ঠানের আগে আফরোজা খানম রিতা শহীদ জিয়া মুক্তিযোদ্ধা ও জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানের শেষভাগে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনের সমাপ্তি ঘটে।