ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি-এর নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: 11:00 PM, July 26, 2026

ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র পরিচালক কাজী আহসান খলিল এবং ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচালক রিজওয়ান মান্নানকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে। গত ১৯ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ২৩১তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেদিন থেকেই তাঁদের এই নিয়োগ কার্যকর হয়েছে।

নতুন চেয়ারম্যান কাজী আহসান খলিলের ব্যাংকিং খাতে ৩৭ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনের ১৯ বছর তিনি ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ মেঘনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম. ডিগ্রিধারী এই ব্যাংকার করপোরেট গভর্ন্যান্স, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ও কৌশলগত নেতৃত্বে বিশেষ দক্ষতার জন্য পরিচিত।

অন্যদিকে, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রিজওয়ান মান্নান বর্তমানে এওএমসি স্টিল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি এওএমসি গ্রুপভুক্ত একাধিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক উন্নয়ন ও কৌশলগত পরিকল্পনায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন রিজওয়ান মান্নান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হাল থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তাঁর ব্যবসায়িক প্রজ্ঞা, আইনগত জ্ঞান ও করপোরেট গভর্ন্যান্সের দক্ষতা প্রতিষ্ঠানের পর্ষদকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি-এর পক্ষ থেকে নবনির্বাচিত এই দুই কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে যে, তাঁদের দক্ষ নেতৃত্বে করপোরেট গভর্ন্যান্স আরও সুদৃঢ় হবে এবং অংশীজনদের জন্য টেকসই মূল্য সৃষ্টির দীর্ঘমেয়াদি কৌশল বাস্তবায়নে নতুন গতি সঞ্চার হবে।