আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় আয়ের লক্ষ্য সরকারের

প্রকাশিত: 8:30 PM, July 26, 2026

আগামী ফিফা বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় অঙ্কের মুনাফা অর্জনের পরিকল্পনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার ২৬ জুলাই তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও দূরদর্শী পরিকল্পনার ফলে সরকারি রাজস্বের এক টাকাও ব্যয় না করে সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ দেশের দর্শকদের জন্য সম্প্রচার করা সম্ভব হয়েছে। কৃচ্ছ্রসাধন নীতির মধ্যেও যাতে দেশের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে বিকল্প কাঠামো তৈরি করা হয়েছিল। তিনি বলেন, “এবার আমরা শূন্য বাজেটে বিশ্বকাপ সম্প্রচার করেছি, তবে আগামী আসরে আমরা বিজ্ঞাপন থেকে বড় অঙ্কের রাজস্ব আয়ের লক্ষ্য নিয়ে কাজ করছি।”