চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড প্রকাশিত: 6:30 PM, July 26, 2026 চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় শিশু ধর্ষণের দায়ে মো. আকতার সর্দার (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে; অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রোববার চট্টগ্রাম মহানগরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কুকড়াপর্শি এলাকার মো. সাত্তার সর্দারের ছেলে। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার ও আদালতের নথি অনুযায়ী, শিশুটির বাবা-মা কর্মস্থলে থাকায় সে প্রায়ই বাসায় একা থাকত। প্রতিবেশী আকতার সর্দার নিয়মিত তাদের বাসায় যাতায়াত করতেন এবং শিশুটিকে বিভিন্নভাবে প্রলোভন দেখাতেন। ২০২২ সালের ২ জুলাই বিকেলে বাবা-মা কর্মস্থলে থাকার সুযোগে তিনি বাসায় ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনার পর বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ভয় ও আতঙ্কে শিশুটি কয়েকদিন ঘটনাটি গোপন রাখে। চারদিন পর অসুস্থ হয়ে পড়লে সে তার মায়ের কাছে পুরো ঘটনা প্রকাশ করে। পরে পরিবারের সদস্যরা শারীরিক আঘাতের আলামত দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। ঘটনার পর শিশুটির বাবা মনির হোসেন সদরঘাট থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৪ সালের ১৫ এপ্রিল আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রোববার এ রায় প্রদান করেন। SHARES জাতীয় বিষয়: চট্টগ্রাম আদালতনারী ও শিশু নির্যাতনযাবজ্জীবন কারাদণ্ডশিশু ধর্ষণসদরঘাট থানা