কুবিতে প্রবেশে বাধা, প্রধান ফটকে নামাজ আদায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের

প্রকাশিত: 10:30 PM, July 25, 2026

শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তাকর্মীদের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দোয়া ও ইসলাহী ইজতেমায় অংশ নেওয়ার উদ্দেশ্যে নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তাঁর সঙ্গে আসা দলীয় নেতাকর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এক পর্যায়ে কয়েকজন নেতাকর্মী ভেতরে প্রবেশ করতে পারলেও অধিকাংশ নেতাকর্মী ফটকের বাইরেই থেকে যান।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রবেশের সুযোগ না পাওয়ায় ফটকের সামনেই জামাতে আসরের নামাজ আদায় করেন প্রবেশে বাধাপ্রাপ্ত নেতাকর্মীরা। অন্যদিকে, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ শেষে দোয়া ও ইসলাহী ইজতেমায় অংশ নেন। পরে তিনি বিজয়-২৪ হলে স্থাপিত একটি ফার্স্ট এইড বক্সের উদ্বোধন করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের এনামুল হক মজুমদার বলেন, জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজের পর ঘরোয়া দোয়া মাহফিলের পরিকল্পনা ছিল এবং এ বিষয়ে প্রশাসনের কাছে আবেদন করেও অনুমতি পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, প্রবেশের চেষ্টার সময় কিছু ব্যক্তি তাদের প্রতি আপত্তিকর ও কটূক্তিমূলক মন্তব্য করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম জানান, বিশৃঙ্খলার আশঙ্কায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এবং শুধুমাত্র মুফতি ফয়জুল করিমকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তিনি স্পষ্ট করেন যে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কাউকেই বহিরাগত হিসেবে গণ্য করে প্রবেশ করতে দেওয়া হয়নি।