সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ এখন ভুল তথ্য ও অপপ্রচার: তথ্যমন্ত্রী

প্রকাশিত: 5:01 PM, July 27, 2026

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতার মতো পেশাকে কাঠামোগতভাবে শক্তিশালী করতে না পারার কারণে আগে কেবল সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েই চ্যালেঞ্জ ছিল। কিন্তু বর্তমানে এর চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মিস ইনফরমেশন অ্যান্ড ডিস ইনফরমেশন বা ভুল তথ্য ও অপপ্রচার। সোমবার বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী সভায় উপস্থিত সাংবাদিকদের কাছে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেন। তিনি জানতে চান, সাংবাদিকদের জীবনমান ও পেশাগত নিরাপত্তার মাত্রা বৃদ্ধি পেয়েছে কি না, বেতনের নিশ্চয়তা নিশ্চিত হয়েছে কি না এবং পেশাগত পরিবেশের উন্নতি হয়েছে কি না। এ ছাড়া সাংবাদিক ও মালিকপক্ষের মধ্যে সম্মানজনক সম্পর্ক তৈরি এবং ওয়েজবোর্ড মানা না মানার বিষয়ে সরকারের ভূমিকা রাখা দরকার ছিল, সরকার কি তা পেরেছে—এমন প্রশ্নও রাখেন তিনি।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, বর্তমানে সাংবাদিকতার মূল দ্বন্দ্ব রাষ্ট্র বা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর সঙ্গে মুক্ত সাংবাদিকতার সাহসী ব্যক্তির মধ্যে নয়। বরং এখন বড় বিষয় হলো, একজন পেশাদার, মেধাবী ও যোগ্য সাংবাদিক এই পেশায় মর্যাদা ও সম্মানের সঙ্গে টিকে থাকতে পারবেন কি না।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বারী। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য কাওছার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন। সভায় বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতারা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এর আগে সোমবার সকাল ১০টায় তথ্যমন্ত্রী বরিশাল সদর উপজেলার চরকাউয়ার স্বনির্ভর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে তিনি বরিশাল বিভাগের স্বাস্থ্য প্রশাসনিক কর্মকর্তা এবং শেরেবাংলা মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।