সাবেক দুই রাষ্ট্রপতি হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হচ্ছে প্রকাশিত: 4:01 PM, July 27, 2026 জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখাসহ বিভিন্ন অভিযোগে সাবেক দুই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে দ্রুতই তদন্ত সংস্থায় পাঠানো হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম। সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর মইনুল করিম বলেন, সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে। এই অভিযোগগুলো তদন্ত সংস্থায় পাঠানো হবে। এরপর তদন্ত সংস্থা বিষয়গুলো খতিয়ে দেখে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই দিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক 'ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভূমিকার তীব্র সমালোচনা করেন। শিশির মনির বলেন, ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার যে অভিযোগ উঠেছে, তার দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না। দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো ধরনের দায়মুক্তির সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। এই আইনজীবী আরও দাবি করেন, হাইকোর্টে দাখিল করা একটি তদন্ত প্রতিবেদনে জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ারের নিয়ন্ত্রণ নেওয়া এবং বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় মো. সাহাবুদ্দিনের সরাসরি সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। SHARES অন্যান্য বিষয়: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআবদুল হামিদইসলামী ব্যাংকএস আলম গ্রুপতদন্ত সংস্থামো. সাহাবুদ্দিন