তিন শর্তে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল প্রকাশিত: 6:01 PM, July 27, 2026 রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের বাতিল হওয়া লাইসেন্স ফিরিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই করা এক স্মারক চিঠিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। তবে লাইসেন্স ফিরে পাওয়ার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনটি সুনির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে। মন্ত্রণালয়ের দেওয়া শর্তগুলো হলো—হাসপাতালটিকে 'দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২'-এর নির্দেশনাগুলো নিয়মিত প্রতিপালন করতে হবে। এছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে, ৩. লাইসেন্সের শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। হাসপাতালটির লাইসেন্স ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন। এর আগে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর এক চিঠিতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। সেই চিঠিতে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার সুযোগের কথা উল্লেখ ছিল। উল্লেখ্য, গত ২৭ মে ঈদুল আজহার আগের দিন সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। তদন্ত প্রতিবেদনে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং ভেন্টিলেশনের অভাবের কারণে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়। এই ঘটনার পর ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেন। ওইদিনই হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, ৭ জুন বিকেল ৫টার মধ্যে তা জানাতে বলা হয় নোটিশে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের জবাব 'সন্তোষজনক নয়' বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। ৪৮ ঘণ্টা সময়সীমার মধ্যে জবাব চেয়েও ব্যর্থ হওয়ার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। SHARES জাতীয় বিষয়: আদ্-দ্বীন হাসপাতালমগবাজারলাইসেন্সস্বাস্থ্য মন্ত্রণালয়