ফরিদপুরে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রকাশিত: 11:41 AM, July 27, 2026

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পরই ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম তাঁকে সাময়িক বরখাস্ত করেছেন।

রোববার দুপুরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের ধারণা, ভিডিওটি প্রায় এক বছর আগে ধারণ করা হয়ে থাকতে পারে। ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গাঢ় নীল রঙের ফুলহাতা শার্ট পরা ইমরান শেখ অফিসের চেয়ারে বসে আছেন। তিনি সেবাগ্রহীতাকে উদ্দেশ্য করে বলছেন, 'মূল দলিল বিকেলে দেবেন। ফটোকপি আমার কাছে দেওয়া আছে।'

ভিডিওতে দেখা যায়, ইমরান শেখ সেবাগ্রহীতার কাছ থেকে গুনে গুনে ১০টি ৫০০ টাকার নোট নিচ্ছেন। টাকা নেওয়ার সময় তিনি বলেন, 'আপনি মূল দলিল আজকে দেন। আজকে রাত্রে আবেদন করে দেব। এই সপ্তাহ তো শেষ হয়ে গেল। সামনে রোববার এসি ল্যান্ড আসবে। ইনশা আল্লাহ, দুই সপ্তাহ ক্রস করবে না। কারণ, স্যার দ্রুত কাজ করে।'

একপর্যায়ে ইমরান শেখ সেবাগ্রহীতাকে প্রশ্ন করেন, 'স্যারের (এসি ল্যান্ড) কথাবার্তা ভালো না? উনিও ৪০তম বিসিএসের। আমিও ৪০তম বিসিএসের। উনার কপাল ভালো, আল্লাহ উনারে ক্যাডার বানাইছে আর আমারে নন–ক্যাডার বানাইছে।' এরপর টাকা পকেটে রেখে তিনি অন্য এক সেবাগ্রহীতার সঙ্গে কথা বলতে শুরু করেন।

এ বিষয়ে ইমরান শেখ প্রথম আলোকে দাবি করেন, এটি ঘুষের টাকা নয়, বরং ধারের টাকা। তাঁর ভাষ্যমতে, অনেক মানুষ তাঁর কাছ থেকে টাকা ধার নেয় এবং পরে ফেরত দেয়। এটি তেমনই একটি ভিডিও যেখানে ধারের টাকা ফেরত দেওয়া হচ্ছিল। তবে তিনি টাকা ফেরত দেওয়া ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদের বক্তব্য জানতে গতকাল রাতে তাঁর সরকারি মুঠোফোনে দুই দফা কল করা হলেও তিনি ধরেননি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসকের অফিস আদেশে ইমরান শেখকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে আরও খোঁজ নেওয়া হচ্ছে এবং বিধিমোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।