দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

প্রকাশিত: 11:01 AM, July 27, 2026

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্যতালিকা আজ সোমবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে অলংকারের নকশা অনুযায়ী মজুরি যোগ হবে। তবে বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নির্ধারিত নিয়মই বহাল থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকা কার্যকর থাকবে।

এর আগে সর্বশেষ গত ২৪ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৬ বার দাম বাড়ানো হয়েছে, ৪৮ বার কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।