নেটফ্লিক্সে ঝড় তোলা সানি-অক্ষয়ের ‘ইক্কা’র ১৫ দিনে ২ কোটি ভিউ

প্রকাশিত: 1:01 PM, July 29, 2026

সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত কোর্টরুম ড্রামা ‘ইক্কা’ মুক্তির পর থেকেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ১০ জুলাই মুক্তির পর থেকে মাত্র ১৫ দিনে সিনেমাটি প্রায় ২ কোটি ভিউ অর্জন করেছে। বাংলাদেশের নেটফ্লিক্সের শীর্ষ ১০ সিনেমার তালিকায় মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিজের অবস্থান ধরে রেখেছে এবং টানা দুই সপ্তাহ ধরে তালিকার শীর্ষে রয়েছে।

তিন দশক পর সানি দেওল ও অক্ষয় খান্নাকে একসঙ্গে পর্দায় দেখার জন্য দর্শকদের দীর্ঘদিনের আগ্রহ ছিল। ‘দামিনী’ খ্যাত সানি দেওলকে আবারও আইনজীবীর ভূমিকায় এবং ‘ধুরন্ধর’ সিনেমার পর অক্ষয় খান্নাকে খলনায়ক চরিত্রে দেখার সুযোগ পাওয়ায় নব্বই দশকের দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করেছে। ২ ঘণ্টা ৩৪ মিনিটের এই সিনেমায় তিলোত্তমা সোম, দিয়া মির্জা, আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর ও সানজিদা শেখও অভিনয় করেছেন।

সিনেমার গল্পটি অর্জুন মেহরা (সানি দেওল) নামের এক নীতিবান আইনজীবীকে ঘিরে, যিনি ‘ইক্কা’ নামে পরিচিত। প্রভাবশালী রাজনীতিবিদ ও ধনকুবেরের ছেলে শৌর্যমান গৌরের (অক্ষয় খান্না) বিরুদ্ধে এক তরুণীকে নিপীড়নের অভিযোগ উঠলে অর্জুন মেহরাকে ব্যক্তিগত সংকটের কারণে সেই মামলা লড়তে হয়। সিনেমাটির শুরুটা বেশ জমাট হলেও বিরতির পর চিত্রনাট্য কিছুটা ছন্দ হারায়। আদালতের আইনি তর্কের চেয়ে নাটকীয় মোড় ও কাকতালীয় ঘটনার ওপর বেশি গুরুত্ব দেওয়ায় গল্পের গভীরতা নিয়ে সমালোচনার জায়গা তৈরি হয়েছে।

অভিনয়ের ক্ষেত্রে সানি দেওল তাঁর পরিচিত গর্জনের বাইরে এসে ব্যক্তিগত দ্বন্দ্ব ও নীতিগত সংকটের দৃশ্যে দারুণ সাবলীল ছিলেন। অক্ষয় খান্না তাঁর চোখের ভাষা ও শরীরী অভিব্যক্তির মাধ্যমে রহস্যময় শৌর্যমান গৌর চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন। সরকারি আইনজীবীর ভূমিকায় তিলোত্তমা সোম ছিলেন বেশ সংযত। তবে দিয়া মির্জা বা সানজিদা শেখের মতো শিল্পীরা তাঁদের চরিত্রের গভীরতা সেভাবে প্রকাশ করতে পারেননি। সব মিলিয়ে, তারকাখ্যাতি ও নস্টালজিয়াকে পুঁজি করে সিনেমাটি জনপ্রিয় হলেও চিত্রনাট্যের দুর্বলতা একে একটি স্মরণীয় কোর্টরুম থ্রিলার হতে বাধা দিয়েছে।