পালটাপালটি কর্মসূচি: হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি প্রকাশিত: 1:31 PM, July 29, 2026 হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর পালটাপালটি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই বিধিনিষেধ আরোপ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিপি ওইদিন হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার ডাক দিয়েছিল। একই সময়ে এবং একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল পালটা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে। উভয় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটার সম্ভাবনা থাকায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। আদেশে উল্লেখ করা হয়, এ ধরনের পালটাপালটি কর্মসূচির ফলে যে কোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। পৌর এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ফৌজদারী কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আদেশের আওতায় হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং এবং কোনো যন্ত্রের মাধ্যমে বিকট শব্দ তৈরি বা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। SHARES অন্যান্য বিষয়: জাতীয় নাগরিক পার্টিবিএনপিরাজনীতিহবিগঞ্জ১৪৪ ধারা