রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন নিওঅনকোভ্যাক প্রথম প্রয়োগে আশাব্যঞ্জক ফল প্রকাশিত: 4:32 PM, July 31, 2026 রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের উদ্ভাবিত ক্যানসার ভ্যাকসিন ‘নিওঅনকোভ্যাক’ প্রথমবার কোনো রোগীর শরীরে প্রয়োগের পর ইতিবাচক ও আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। এই প্রতিষেধক তৈরির নেপথ্যে থাকা গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেক্সান্দার গিনজবার্গ জানিয়েছেন, ভ্যাকসিন গ্রহণকারী প্রথম রোগী বর্তমানে সম্পূর্ণ সুস্থ বোধ করছেন এবং তার শরীরে কাঙ্ক্ষিত রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন রেসপন্স তৈরি হয়েছে। চলতি বছরের এপ্রিলে মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে ৬০ বছর বয়সী তৃতীয় পর্যায়ের মেলানোমা বা ত্বকের ক্যানসারে আক্রান্ত এক ব্যক্তির শরীরে প্রথমবারের মতো এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। গিনজবার্গের ভাষ্যমতে, ওই রোগী বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছেন এবং চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, তার শরীর ক্যানসারের টিউমার ও মেটাস্টেসিসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় সক্রিয় যৌগ তৈরি করতে শুরু করেছে। চিকিৎসাসূচি অনুযায়ী তাকে আরও দুটি ডোজ দেওয়া হবে। এছাড়া আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে আরও ১০ জন রোগীর জন্য এই ভ্যাকসিন প্রস্তুত করার প্রক্রিয়া চলছে। রাশিয়ার জাতীয় চিকিৎসা গবেষণা কেন্দ্রের প্রধান আন্দ্রে কাপ্রিন জানান, এই প্রযুক্তি প্রচলিত ক্যানসার চিকিৎসার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এটি রোগীর নিজস্ব টিউমার ও সুস্থ টিস্যুর জেনেটিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তৈরি করা একটি কাস্টমাইজড ভ্যাকসিন। এটি রোগীর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সরাসরি ক্যানসার কোষ চিহ্নিত করে ধ্বংস করতে প্রশিক্ষণ দেয়। গত বছর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দুটি নিজস্ব প্রযুক্তির ব্যক্তিগত ক্যানসার চিকিৎসার অনুমোদন দেয়—যার মধ্যে এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিন ‘নিওঅনকোভ্যাক’ এবং কোলরেকটাল ক্যানসারের জন্য পেপটাইড ওষুধ ‘অনকোপেপ্ট’ অন্তর্ভুক্ত। গামালেয়া ইনস্টিটিউট বর্তমানে অগ্ন্যাশয়, কিডনি এবং ফুসফুসের ক্যানসারের প্রতিষেধক তৈরিতেও কাজ করছে। SHARES স্বাস্থ্য বিষয়: ক্যানসার ভ্যাকসিনগামালেয়া ইনস্টিটিউটনিওঅনকোভ্যাকমেলানোমা চিকিৎসারাশিয়া