চীনের এআই জোট ওয়াইকোতে পর্যবেক্ষক হিসেবে যোগ দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: 3:31 PM, August 1, 2026

চীনের সাংহাইভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নতুন আন্তর্জাতিক জোট ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন বা 'ওয়াইকো'-তে পর্যবেক্ষক হিসেবে প্রাথমিকভাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই আন্তঃসরকারি সংস্থাটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চীন গঠন করেছে। জোটটির মূল লক্ষ্য হলো উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করা, বিশ্বব্যাপী ডিজিটাল বিভাজন কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং এআই প্রযুক্তির বিকাশের জন্য উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা। এছাড়া, এআই প্রযুক্তি যেন মানুষের জন্য নিরাপদ ও উপকারী হয়, তা নিশ্চিত করতে সংস্থাটি এআই-সংক্রান্ত প্রবিধান উন্নয়নেও কাজ করবে।

উল্লেখ্য, ১৬ জুলাই যাত্রা শুরুর সময় ২৯টি দেশ ওয়াইকোর প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যুক্ত হয়েছে। এই সদস্য দেশগুলোর তালিকায় গ্লোবাল সাউথের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র রয়েছে, যার মধ্যে রাশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল ও পাকিস্তান উল্লেখযোগ্য।