জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার প্রকাশিত: 4:32 PM, August 1, 2026 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষি উৎপাদন হ্রাসের ঝুঁকি কমাতে সরকার গবেষণাভিত্তিক কৃষি উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার ১ আগস্ট কুমিল্লা সার্কিট হাউসে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, আগামী মৌসুমে হাওর অঞ্চলের জন্য ব্রি ধান-১১৮ অবমুক্ত করা হবে। এই জাতটি শীত সহনশীল হওয়ায় কৃষকরা আগাম রোপণ ও কর্তনের সুবিধা পাবেন। এতে আকস্মিক বন্যার আগেই ফসল ঘরে তোলা সম্ভব হবে এবং ফসলের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য হারে কমে আসবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা নতুন জাত উদ্ভাবনে কাজ করে যাচ্ছেন এবং আগামী বছর লবণাক্ততা সহনশীল আরও একটি ধানের জাত অবমুক্ত করা হবে। মৎস্য রপ্তানি ও অবকাঠামো নিয়ে মন্ত্রী জানান, কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। এছাড়া কুমিল্লা অঞ্চলে মাছের ল্যান্ডিং স্টেশন স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি। ভোক্তাদের তাজা মিঠাপানির মাছের চাহিদার কথা বিবেচনায় নিয়ে সরকার আধুনিক বাজারজাতকরণ অবকাঠামো গড়ার ওপর জোর দিচ্ছে। প্রাণিসম্পদ খাতের বিষয়ে তিনি বলেন, ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র সম্প্রসারণের জন্য একটি বড় প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে গবাদিপশু ও হাঁস-মুরগির ভ্যাকসিন দেশেই পর্যাপ্ত উৎপাদন করা সম্ভব হবে, যা আমদানিনির্ভরতা কমাবে। এছাড়া কৃষি ও সংশ্লিষ্ট দপ্তরের খাল পুনঃখনন কার্যক্রম নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে চলছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বন্যা-পরবর্তী রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বন্যাকবলিত উপজেলাগুলোতে গবাদিপশুর জন্য বিনামূল্যে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়েছে। মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: খোরশেদ আলম, জেলা প্রশাসক রোজী আকতার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো: ওবায়দুর রহমান মন্ডল, চট্টগ্রাম বিভাগীয় মৎস্য দপ্তরের পরিচালক মোঃ আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। SHARES কৃষি বিষয়: কৃষি উন্নয়নকৃষিমন্ত্রীজলবায়ু পরিবর্তনধানের জাতহাওর অঞ্চল