কিয়েভে রুশ বাহিনীর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯ প্রকাশিত: 5:31 PM, August 1, 2026 ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ান বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৯ জন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, শনিবার (১ আগস্ট) সকালে চালানো এই হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে মস্কো কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো জানিয়েছেন, রাজধানীতে অন্তত ১০টির বেশি বিস্ফোরণ ঘটেছে। এই হামলার ফলে শহরজুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বেশ কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেয়র আরও জানান, শেভভেঙ্কিভস্কি জেলায় একটি আবাসিক ভবন আংশিকভাবে ধ্বংস হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন। জরুরি পরিষেবা বিভাগ জানায়, দারনিতস্কি জেলায় রুশ হামলায় সাতজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন; আহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এছাড়া সলোমিয়ানস্কি জেলায় হামলায় আরও দুইজন নিহত এবং আটজন আহত হয়েছে, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এদিকে লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র তাদের দূতাবাসের কাছে আঘাত হেনেছে, যার ফলে দূতাবাসের জানালা ভেঙে গেছে এবং প্রাঙ্গণে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। এই হামলার ঘটনার মাত্র দুইদিন আগে পোল্যান্ডের ভূখণ্ডে ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল, যার জন্য রাশিয়াকে দায়ী করা হচ্ছে। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোর কাছে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে জেলেনস্কি প্যাট্রিয়ট ইন্সেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাওয়ার বিষয়টিও তুলেছিলেন। ইউক্রেনও বর্তমানে রাশিয়ায় প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে। পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানি ঘটছে এবং যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। SHARES অন্যান্য বিষয়: ইউক্রেন যুদ্ধকিয়েভক্ষেপণাস্ত্র হামলাভলোদিমির জেলেনস্কিরাশিয়া