শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন শু শিয়ং

প্রকাশিত: 4:00 PM, August 1, 2026

দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশ-এর নতুন প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শু শিয়ং। তিনি এরিক এম. ওয়াকারের স্থলাভিষিক্ত হলেন, যিনি গত ছয় বছর এই পদে দায়িত্ব পালন করেছেন।

শেভরনে যোগদানের আগে শু শিয়ং শেভরন চায়নার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি আপস্ট্রিম ব্যবসা ও একাধিক যৌথ উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন। ২০০৭ সালে শেভরনে যোগদানের পর থেকে তিনি কৌশল নির্ধারণ, ট্রেডিং ও পরিচালনা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ইউনিভার্সিটি অব হিউস্টন থেকে ফাইন্যান্সে বিবিএ ডিগ্রি অর্জন করেন।

নতুন দায়িত্ব গ্রহণ করে শু শিয়ং জানান, বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সাথে তিন দশকের বেশি সময় ধরে চলে আসা অংশীদারিত্বকে তিনি আরও এগিয়ে নিতে চান। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, শেভরন বাংলাদেশ দেশের উত্তর-পূর্বাঞ্চলে ব্লক ১২ এবং ব্লক ১৩ ও ১৪-এর অধীনে তিনটি গ্যাসক্ষেত্র পরিচালনা করে। প্রতিষ্ঠানটি জাতীয় গ্রিডে মোট দেশীয় প্রাকৃতিক গ্যাসের প্রায় ৬০ শতাংশ এবং কনডেনসেটের ৮৩ শতাংশেরও বেশি সরবরাহ করে থাকে।