দাউদকান্দিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ও স্বাস্থ্য সচেতনতা সভা

প্রকাশিত: 11:00 PM, August 4, 2026

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহিদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় মাতৃদুগ্ধের গুরুত্ব ছাড়াও হাম-রুবেলা টিকাদান এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এই সভার প্রতিপাদ্য ছিল, ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পানে, টেকসই উদ্যোগ বেগবান’।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। তিনি বলেন, শিশুর জন্য মাতৃদুগ্ধই সবচেয়ে নিরাপদ, পুষ্টিকর ও পরিপূর্ণ খাদ্য। বর্তমানে জন্মের পর প্রথম ছয় মাস শুধু মাতৃদুগ্ধ পান করানোর হার শতভাগে উন্নীত করাই এই সপ্তাহ পালনের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বাজারে পাওয়া গুঁড়া বা বিকল্প দুধ মাতৃদুগ্ধের সমতুল্য নয় এবং এ ধরনের দুধের ব্যবহার পরিবারের বাড়তি ব্যয়ের পাশাপাশি দেশের অর্থ বিদেশে পাচার করে। তাই অপ্রয়োজনে বিকল্প দুধ কেনা থেকে বিরত থাকতে তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের উৎসাহিত করতে আহ্বান জানান।

সভায় হাম-রুবেলা টিকার গুরুত্ব তুলে ধরে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, ডেঙ্গু জ্বরের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে জমে থাকা পানি পরিষ্কারের বিভিন্ন উপায় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আরিফ হোসেন এমবিএস সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, বরং স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে পরিবার ও সমাজে এই শিক্ষা ছড়িয়ে দিতে হবে। সভার শেষ পর্যায়ে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. তোফাজ্জল হোসেন, গাইনি বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।