মনোহরদীতে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন প্রকাশিত: 11:30 PM, August 3, 2026 নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এর মালিক আলম হোসেনের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের শেখের বাজারে সমিতির কার্যালয়ের সামনে ভুক্তভোগী সদস্যরা এই অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা টাকা ফেরত ও অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলও করেন। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, আলম হোসেন অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে স্থানীয় বাসিন্দাদের সমিতির সদস্য করেছিলেন। বর্তমানে সমিতির প্রায় ৩০০ সদস্যের জমাকৃত অর্থের পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। কিন্তু গত তিন বছর ধরে সদস্যদের কোনো ধরনের লভ্যাংশ দেওয়া হচ্ছে না। ভুক্তভোগীদের অভিযোগ, তারা নিজেদের জমানো টাকা ফেরত চাইতে গেলে আলম হোসেন তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং ভয়ভীতি দেখান। এমনকি কয়েকজন সদস্যকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে বলেও জানানো হয়। ভুক্তভোগীরা জানান, জীবনের শেষ সম্বল সমিতিতে জমা রেখে তারা এখন চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক পরিবারে এর ফলে অশান্তি তৈরি হয়েছে। অবিলম্বে জমাকৃত টাকা ফেরত এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনে শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন রোকন, মানিক মিয়া, আকাশ মিয়া ও মাহমুদা বেগমসহ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। প্রতিবাদ কর্মসূচি শেষে ভুক্তভোগীরা মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের কাছে স্মারকলিপি প্রদান করেন। তবে অভিযুক্ত আলম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। SHARES জাতীয় বিষয়: নরসিংদীপ্রতারণাবিএনপিমনোহরদীমানববন্ধন