দক্ষিণ লেবাননে বিস্ফোরণে দুই ইসরাইলি সেনা নিহত, আহত ৭

প্রকাশিত: 9:02 PM, August 5, 2026

দক্ষিণ লেবাননের মাজদাল জৌন এলাকায় একটি ভবনের ভেতরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ইসরাইলি বাহিনীর বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। বুধবার লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের একটি বিস্ফোরকভর্তি ভবনের ভেতরে আইইডি (ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে অন্তত দুইজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাতজন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর। আহতদের মধ্যে তৃতীয় এক সেনার জীবন বাঁচানোর জন্য ইসরাইলি মহল মরিয়া হয়ে উঠেছে এবং তার জন্য জরুরি অস্ত্রোপচার চলছে বলে জানা গেছে।

নিহত ও আহত সকল সেনাসদস্য ইসরাইলি সেনাবাহিনীর ৫৫তম ব্রিগেডের সদস্য ছিলেন। দীর্ঘ সময় ধরে ওই এলাকায় দখলদার ইসরাইলি বাহিনী তাদের আগ্রাসী অভিযান চালিয়ে আসছে। এর আগে ইসরাইলি গণমাধ্যমে দক্ষিণ লেবাননে একটি ‘কঠোর নিরাপত্তা পরিস্থিতির’ কথা জানানো হয়েছিল, যার প্রেক্ষিতে গুরুতর আহত একাধিক ব্যক্তিকে হেলিকপ্টার ও তিনটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে অধিকৃত হাইফার রামবাম হাসপাতালে স্থানান্তর করা হয়।