শিবির সভাপতিকে ছাত্রদলের নাছিরের পাল্টা চ্যালেঞ্জ ও কড়া হুঁশিয়ারি প্রকাশিত: 9:30 PM, August 5, 2026 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের সাম্প্রতিক এক বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি শিবির সভাপতিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ফেসবুক পোস্টে নাছির উদ্দীন নাছির লেখেন, 'আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না'—শিবির সভাপতির এ ধরনের বক্তব্য শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি। তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদী শাসনের পুরো সময় আন্ডারগ্রাউন্ডে কাটিয়েছে এবং নিজেদের সংগঠন নিষ্ক্রিয় রেখে প্রকাশ্যে ছাত্রলীগের ছত্রছায়ায় মিশে থেকে অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মুখে আজ শক্তির আস্ফালন অত্যন্ত হাস্যকর। ছাত্রদল সাধারণ সম্পাদক অভিযোগ করেন, এখনও তাদের একটি অংশকে আন্ডারগ্রাউন্ডে রেখে অপর অংশকে সংঘাত সৃষ্টির কাজে নামানো হয়েছে। এটি শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরনো কৌশলেরই পুনরাবৃত্তি বলে তিনি উল্লেখ করেন। নাছির উদ্দীন নাছির বলেন, ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী মহড়া ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে যারা বিকৃত উল্লাস করেছেন, শিক্ষার্থীরা এখন তাদের প্রতিরোধ করতে শুরু করেছে এবং আর ছাড় দিচ্ছে না। শিবির সভাপতিকে উদ্দেশ্য করে নাছির উদ্দীন নাছির লেখেন, '১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে পারবেন না।' তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্টভাবে বলতে চায়, তারা সংঘাতে নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হুমকি কিংবা উসকানির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি দেন। SHARES রাজনীতি বিষয়: ছাত্রদলছাত্রশিবিরনাছির উদ্দীন নাছিররাজনীতিশিক্ষাঙ্গন