ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি নিজেই

প্রকাশিত: 10:43 PM, August 6, 2026

আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই নেবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ বিমসটেকের সভাপতিত্ব করছে এবং ব্রিকসের মতো বহুপাক্ষিক সংস্থায় অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ আগ্রহী। তবে প্রধানমন্ত্রীর ব্যস্ততা ও সময়সূচির ওপর ভিত্তি করেই তিনি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন।

ভারত থেকে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ রয়েছে কি না—এমন প্রশ্নে শামা ওবায়েদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দাওয়াত তো আছেই। তবে সেই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সম্মেলনে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ সময় সাংবাদিকরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি প্রেস ব্রিফিং এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রভাব নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, দুই দেশের জনগণের স্বার্থেই আমরা পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই। ভারত সরকার যদি এটি বুঝতে পারে তবে তা সবার জন্য মঙ্গলজনক হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতের মাটিতে বসে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ প্রধান এবং দলের অন্যান্যদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, তবে তা বাংলাদেশের জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। দুই দেশের সরকার ও জনগণ সম্পর্কের উন্নয়ন চাইলেও এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশের অবস্থান বারবার ভারতকে জানানোর পরও বুধবার (৬ জুলাই) দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস ব্রিফিং হয়েছে। এরকম চলতে থাকলে সর্বোচ্চ পর্যায়ের সফরের মতো ভালো সম্পর্ক থাকবে কিনা।