মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ড. জাফর ইকবালসহ আটজন

প্রকাশিত: 10:38 PM, August 6, 2026

গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে আসামি করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ড. জাফর ইকবাল ছাড়াও এই মামলায় আরও সাতজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী এম এইচ তামীম গণমাধ্যমকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, দীর্ঘ সময় ধরে তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করেছেন। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনা করা হচ্ছে এবং এরপর তা আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, প্রতিবেদনটি যাচাই-বাছাইয়ের পরই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। উল্লেখ্য, জুলাই আন্দোলন-সংক্রান্ত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা অন্য একটি মামলায় সাবেক উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে হাসিনার একটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল।