বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১০ প্রকাশিত: 9:30 AM, August 7, 2026 বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কাজের সন্ধানে রাস্তার পাশে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর একটি যাত্রীবাহী বাস উঠে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণহীন অবস্থায় পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর। পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। SHARES জাতীয় বিষয়: এরুলিয়ানিহতবগুড়াবাস দুর্ঘটনাসড়ক দুর্ঘটনা