সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ প্রকাশিত: 11:00 AM, August 7, 2026 সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানাধীন কাশিকাপন এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানিয়েছেন, সকালে ঢাকাগামী ইউনিক পরিবহণের একটি বাসের সাথে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহণের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহণের ৭ যাত্রী প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত ৩ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের সবাই ইউনিক পরিবহণের যাত্রী ছিলেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। উদ্ধারকৃত নিহতদের লাশ শেরপুর হাইওয়ে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। SHARES অন্যান্য বিষয়: ওসমানীনগরনিহতবাস দুর্ঘটনাসিলেটসড়ক দুর্ঘটনা